বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬ - ১০:২০
ইসলামী শাসনব্যবস্থার স্থায়িত্ব নির্ভর করে সত্য, ন্যায়বিচার, আত্মমর্যাদা ও শত্রুর মোকাবিলায় অবিচল থাকার ওপর: আয়াতুল্লাহ জাওয়াদী আমুলি

ইসলামী সরকারকে সব পরিস্থিতিতে সত্য ও ন্যায়বিচারের নীতিতে অবিচল থাকতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমেই সমাজের উন্নয়ন সম্ভব। এ ছাড়া ইসলামী সমাজের গঠন ও প্রতিরক্ষায় নারী-পুরুষ উভয়েরই সমান গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ আল-উজমা আবদুল্লাহ জাওয়াদী আমুলি।

হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামী শাসনব্যবস্থার সুরক্ষা ও অর্জনসমূহ ধরে রাখার জন্য সত্যনিষ্ঠা, ন্যায়বিচার, আত্মমর্যাদা, ধর্মীয় চেতনা এবং শত্রুর মোকাবিলায় অবিচল থাকাকে মৌলিক নীতি হিসেবে উল্লেখ করেছেন আয়াতুল্লাহ জাওয়াদী আমুলি। তিনি বলেন, ইসলামী সরকারের চিন্তা ও কর্ম—উভয়ই সত্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এ জন্য প্রয়োজন নিয়মিত তদারকি ও দায়িত্বশীলতা।

গত ২৩ নভেম্বর সোমবার সন্ধ্যায় তেহরানের আমিরুল মুমিনিন (আ.) মসজিদে আয়াতুল্লাহ মুসাভি আরদাবিলির দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাঠানো এক বার্তায় তিনি এসব কথা বলেন।

বার্তায় ইসলামী বিপ্লবের প্রাথমিক পর্যায়ে বিচারব্যবস্থার ভূমিকার কথা উল্লেখ করে শহীদ আয়াতুল্লাহ বেহেশতি ও আয়াতুল্লাহ মুসাভি আরদাবিলির জ্ঞানগত, প্রশাসনিক ও নৈতিক যোগ্যতার প্রশংসা করেন তিনি। বলেন, তাঁরা ইসলামী শিক্ষা, ঐশী বিধান ও ন্যায়বিচারের ভিত্তিতে বিচারব্যবস্থা পরিচালনার চেষ্টা করেছিলেন। আয়াতুল্লাহ মুসাভি আরদাবিলি অসাধারণ জ্ঞানগত যোগ্যতার পাশাপাশি প্রশাসনিক দক্ষতা ও মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার মতো উন্নত চারিত্রিক গুণের অধিকারী ছিলেন।

পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ন্যায়বিচারের গুরুত্ব তুলে ধরে আয়াতুল্লাহ জাওয়াদী আমুলি বলেন, কেবল বস্তুগত সম্পদের মাধ্যমে সমাজের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়; বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমেই তা অর্জন করা যায়।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইমাম মুসা কাযিম (আ.)-এর বর্ণনা উদ্ধৃত করে তিনি বলেন, পৃথিবীকে আবাদ করার ক্ষেত্রে ন্যায়পরায়ণ শাসক ও সুবিচারপূর্ণ সিদ্ধান্তের ভূমিকা ৪০ দিনের বৃষ্টির চেয়েও বেশি কার্যকর। একইভাবে একজন ন্যায়পরায়ণ শাসকের এক ঘণ্টার কাজ ৭০ বছরের ব্যক্তিগত ইবাদতের চেয়েও উত্তম বলে বর্ণিত হয়েছে।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতেও ইসলামী শাসনব্যবস্থাকে এই নীতির ওপর অবিচল থাকতে হবে। সরকারের প্রতিটি সিদ্ধান্ত যেন সত্য ও ন্যায়বিচারের ভিত্তিতে গৃহীত হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

আত্মমর্যাদা ও ধর্মীয় চেতনার গুরুত্ব
আমিরুল মুমিনিন হযরত আলী (আ.)-এর শিক্ষার আলোকে ইসলামী সমাজের সুরক্ষায় তিনটি মৌলিক বৈশিষ্ট্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন আয়াতুল্লাহ জাওয়াদী আমুলি। এগুলো হলো—স্বাধীনচেতা মনোভাব, ধর্মীয় আত্মমর্যাদা এবং জুলুম ও চাপের কাছে নতি স্বীকার না করা।

তিনি বলেন, স্বাধীনচেতা হওয়ার অর্থ দুনিয়াবি পদ-পদবি ও সাময়িক স্বার্থের কাছে নিজেকে বন্দি না করা। আর ধর্মীয় আত্মমর্যাদা হলো অন্যের অধিকার ও সীমারেখা লঙ্ঘন না করা এবং কাউকে নিজের বৈধ অধিকার ও সীমারেখা লঙ্ঘন করতে না দেওয়া।

তিনি আরও বলেন, কোনো দেশের ওপর বিদেশি আগ্রাসন হলে নীরব থাকা কিংবা তা মেনে নেওয়া সঠিক নয়। নিজেদের ভূখণ্ড, সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় জাতিকে ঐক্যবদ্ধ ও অবিচল থাকতে হবে। দেশের প্রতিরক্ষা ও জাতীয় স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনীর পাশাপাশি মাঠপর্যায়ে সক্রিয় নাগরিকদের ভূমিকাও তিনি প্রশংসা করেন।

নারী-পুরুষ উভয়ের সমান গুরুত্ব

বার্তার একাংশে নারীর মর্যাদা ও অবস্থান তুলে ধরে আয়াতুল্লাহ জাওয়াদী আমুলি বলেন, ইসলামে মানুষের মর্যাদা, জ্ঞান, তাকওয়া ও শ্রেষ্ঠত্বের মাপকাঠি নারী কিংবা পুরুষ হওয়া নয়; বরং মানুষের চরিত্র এবং তার আত্মিক ও নৈতিক উৎকর্ষ। শারীরিক গঠনে পার্থক্য থাকলেও মানুষের আত্মা ও প্রকৃত মর্যাদার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই।

পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে তিনি বলেন, হযরত মরিয়ম (সা. আ.) ও ফেরাউনের স্ত্রীকে সমগ্র মুমিনদের জন্য আদর্শ হিসেবে উপস্থাপন করা হয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয়, একজন চরিত্রবান, জ্ঞানী ও গুণসম্পন্ন নারী পুরো সমাজের জন্য আদর্শ হতে পারেন।

বার্তার শেষাংশে আয়াতুল্লাহ জাওয়াদী আমুলি ইসলামী শাসনব্যবস্থার নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নতির জন্য দোয়া করেন। একই সঙ্গে শহীদ আয়াতুল্লাহ বেহেশতি, আয়াতুল্লাহ মুসাভি আরদাবিলি ও অন্যান্য শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দেশের জনগণ, বিশেষ করে জাতীয় প্রতিরক্ষা ও স্থিতিশীলতা রক্ষায় নিয়োজিত ব্যক্তিদের অবদানেরও প্রশংসা করেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha